Gopalganj Sadar, Gopalganj, Bangladesh.
Principal Message


মধুমতি বিধৌত ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী স্বনামধন্য ব্যক্তিত্ব, মহানুভব উদার হৃদয়ের অধিকারী জনাব শওকত আলী, আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় অন্তরে ধারণ করে, তাঁর পরমারাধ্য মাতৃদেবীর নামে শহরের প্রাণকেন্দ্রে ২০০৬ সালে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠা করেন এ শিশু শিক্ষা প্রতিষ্ঠান “মালেকা একাডেমি”।
প্রতিষ্ঠালগ্নে একাডেমিটি মাত্র ছয়জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও ইতোমধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অনন্য সাফল্য অর্জন করে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অতিক্রম করে প্রথম সারিতে উন্নীত হয়েছে। 

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন জাতীয় শিশু দিবসে, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বারবার সভাপতিত্ব করার গৌরব অর্জনসহ সাংস্কৃতিক ও শরীরচর্চা অঙ্গনে অধিকাংশ সময়ে প্রথম স্থান অধিকার করে আসছে। এছাড়া ২০১৯ সালে বিজয় ফুল প্রতিযোগিতায় দেশাত্ববোধক সংগীতে বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করার গৌরবও অর্জন করেছে।
বর্তমানে একাডেমিটিতে রয়েছে সুদৃঢ় দেওয়ালে ঘেরা নিরাপত্তা বেষ্টনী, যার প্রধান ফটকে সদা জাগ্রত থাকে দুইজন শক্তিমান প্রহরী। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য রয়েছে দুইটি বৃহদাকারের জেনারেটর, প্রত্যেক শ্রেণিতে রয়েছে সি.সি. টিভি ক্যামেরা। রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা। এছাড়া রয়েছে অত্যাধুনিক খেলার সরঞ্জাম ও শিখনশিখানো কার্যাবলীর শিক্ষা উপকরণ। 
পঠনপাঠনের মাধ্যমে শিশু যে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করে পরবর্তীতে যদি সে তা তার বাস্তব জীবনে উহা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তবে ওই জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি হবে প্রকৃতশিক্ষা- এ শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়। এ শিক্ষার উপর নির্ভর করে গড়ে উঠতে পারে বিশ্ব পরিমন্ডলে মাথা উচু করে দাড়াতে সক্ষম মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত চৌকসগুণ সম্পন্ন মানুষ।

সুশিক্ষা যেমন মানুষকে মহান করে, তেমনি অশিক্ষা মানুষকে নিপিড়নও করে।

লক্ষণীয় বিষয়- প্রকৃত শিক্ষার অভাবে কখনো কখনো শিক্ষাঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। বিষয়টি পরিহার করতে হলে, ছাত্র-শিক্ষক ও অভিভাবকের আন্তরিক সদিচ্ছা একান্তভাবে কাম্য। 

শিক্ষাগ্রহনের পাশাপাশি নৈতিক মূল্য বোধের ও একটি পাঠ প্রত্যেকের অন্তরে ধারন করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা সত্যিকারের মানুষ হয়ে সমাজ ও জাতিকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবে। উল্লেখিত বিষয় সমূহ বিবেচনায় রেখে একাডেমিটি যাতে গোটা বাংলাদেশে তথা বিশ্ব পরিমণ্ডলে জায়গা করে নিতে পারে সে লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছে একাডেমির দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। সি.সি. টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক পর্যবেক্ষণপূর্বক প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সুদূর কানাডা প্রবাসী জনাব শওকত আলী মহোদয় স্বয়ং।
প্রতিযোগিতামূলক যুগে আমাদের এ প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছাতে সকল শুভানুধ্যায়ী ব্যক্তির আশির্বাদ, আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে-
নমস্কার
রমেশ চন্দ্র বিশ্বাস 
অধ্যক্ষ
মালেকা একাডেমি, গোপালগঞ্জ