Gopalganj Sadar, Gopalganj, Bangladesh.
Academic Regulation

22 May, 2020 | Total views : 199

মালেকা একাডেমি

গোপালগঞ্জ

 

একাডেমির সাধারণ নিয়মাবলী

১। একাডেমির নিয়মানুযায়ী সুনির্দিষ্ট সময়ে ছাত্র/ছাত্রীদের একাডেমিতে  উপস্থিতি নিশ্চিত করতে হবে। ছাত্র- ছাত্রীদের একাডেমিতে প্রবেশের গ্রীষ্মকালীন সময় সকাল ৮-১৫ মিনিট এবং শীতকালীন সময় ৮-৪৫ মিনিট।  এই নির্ধারিত সময়ের পর কোন অবস্থায়ই ছাত্র/ছাত্রীদের একাডেমিতে প্রবেশ করতে দেয়া হবে না।

২। অনিবার্য কারণ ছাড়া কোন ছাত্র/ছাত্রী পরপর তিনদিন অনুপস্থিত থাকতে পারবে না। যৌক্তিক ক্ষেত্রে পূর্বেই কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করে ছুটি নিতে হবে। একাদিক্রমে ১৫ (পনেরো) দিন অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে তার নাম কাটা যাবে। এ ক্ষেত্রে পুনঃভর্তি ফি জমা দিয়ে নাম পুনর্বহাল করতে হবে।

৩। প্লে থেকে ১ম শ্রেণি পর্যন্ত সাধারণ পাঠ্যক্রমের সাথে নিম্নরূপ ৫০ নম্বর সংযুক্ত থাকবে ঃ শ্রুতিলিপি-১০, প্রমিত উচ্চারণে পড়া-১০, হাজিরা-১০, আচরণ ও নিয়ম-শৃঙ্খলা মান্য করা-১০ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা-১০। প্রাপ্ত নম্বর ছাত্র-ছাত্রীদের সাময়িক ও বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে।

৪। ২য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির সাধারণ পাঠ্যক্রমের সাথে ৫০ নম্বর নিম্নরূপ সংযুক্ত থাকবে ঃ শ্রুতিলিপি-১০, প্রমিত উচ্চারণে পড়া-১০ আচরণ ও শৃঙ্খলা(দুষ্টুমি, মারামারি)-১০, হাজিরা-১০, জাতীয় অনুষ্ঠানাদিতে উপস্থিতি-৫, পরিষ্কার পরিচ্ছন্নতা-০৫। প্রাপ্ত নম্বর ছাত্র-ছাত্রীদের সাময়িক ও বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে।

৫। প্লে শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রতি পরীক্ষায় প্রতি বিষয়ে ৭০% নম্বর এবং ৩য় শ্রেণি ও তদুর্ধ শ্রেণিতে প্রতি পরীক্ষায় প্রতি বিষয়ে ৫৫% নম্বর না পেলে এবং সকল শ্রেণিতে উপস্থিতির হার ৯৫% বা তদুর্ধ্ব না হলে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে অকৃতকার্য বলে গণ্য করা হবে।

৬। প্লে-শ্রেণি হতে ১ম শ্রেণির কোন ছাত্র-ছাত্রী বাংলা ও ইংরেজি বর্ণ সঠিক আকৃতিতে লিখতে না পারলে তজ্জন্য নম্বর কর্তন করা হবে।

৭। কেজি ও তদূর্ধ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র কলম দ্বারা লেখা বাধ্যতামূলক। শুধু মাত্র প্লে ও নার্সারি শ্রেণিতে পেন্সিল ব্যবহার করা যাবে।

৮। প্রতি শনিবার সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐ দিন শ্রেণির পাঠদান বন্ধ থাকবে। কোন শনিবার একাডেমি বন্ধ থাকলে পরবর্তী শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় একাডেমি কর্তৃক সরবরাহকৃত খাতা ব্যবহার করতে হবে।

৯। পরীক্ষার মানবণ্টন ঃ ১০০ নম্বরের পরীক্ষায় লিখিত ৯০ নম্বর এবং মাসিক পরীক্ষায় ১০ নম্বরের মান সীমাবদ্ধ। প্রতি ১০০ নম্বরের পরীক্ষায় হাতের সুন্দর লেখার জন্য ০৫ নম্বর বরাদ্দ থাকবে। পঞ্চম শ্রেণির মাসিক, সাময়িক সব পরীক্ষা ১০০ নম্বরের হবে।

১০। পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা থাকবে।

১১। নির্ধারিত সময়সূচি মোতাবেক প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অন্যসময়ে পরীক্ষা গ্রহণ করা হবে না। তবে, অনিবার্য কারণে কোন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে ব্যর্থ হলে সেক্ষেত্রে অভিভাবকের আবেদনের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রমোশনের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন থাকবে।

১২। পরীক্ষার উত্তরপত্র কোন অবস্থাতেই বাসায় দেওয়া হবে না। তবে ১ম ও ২য় সাময়িক পরীক্ষার উত্তরপত্র একাডেমি কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়ে দেখানোর ব্যবস্থা থাকবে।

১৩। পরীক্ষার হলে কেহ অসাধু উপায় অবলম্বন করলে তাকে শাস্তি হিসেবে ঐদিনই একাডেমি থেকে ছাড়পত্র প্রদান করা হবে।

১৪। একাডেমিতে আসার পর কোন ছাত্র-ছাত্রী দিনের সব পিরিয়ড না করে চলে গেলে তাকে ঐদিনের জন্য অগ্রিম গমন হিসেবে গণ্য করা হবে। এরূপক্ষেত্রে বছর শেষে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী শতকরা শতভাগ উপস্থিতি দাবী করতে পারবে না।

১৫। ছাত্র-ছাত্রীদের সাথে করে টিফিন নিয়ে আসতে হবে। চকলেট, চুইংগাম ও চিপস্ জাতীয় খাবার আনা যাবে না। ক্লাস শুরুর পর কোন অবস্থাতেই কোন খাবার একাডেমির মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতি শনিবার টিফিন হিসাবে নুডুল্স দিতে হবে, সাথে রুমাল ও কাঁটা চামচ দিতে হবে।

১৬। ছাত্র-ছাত্রীদের সাথে আনা টিফিন নির্দিষ্ট সময়ের পূর্বে কেউ খেতে পারবে না। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে টিফিন খেলে সার্বিক আচরণের ক্ষেত্রে ২ (দুই) নম্বর কর্তন করা হবে। ছাত্র-ছাত্রীদের সাথে শুকনো টিফিন দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।

১৭। একাডেমিতে প্রবেশের পর থেকে একাডেমি ত্যাগের পূর্ব পর্যন্ত কোন ছাত্র/ছাত্রী যদি অন্য কোন ছাত্র/ছাত্রীর সাথে মারামারি বা একে অপরকে বিরক্ত করে বা উচ্ছৃঙ্খল আচরণ বা একাডেমির কোন নিয়ম-কানুন অমান্য করে তা’হলে প্রথমে তাকে সতর্ক করা হবে। দ্বিতীয়বারে তাকে সাময়িক বহিষ্কার করা হবে এবং তৃতীয়বার একই অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে একাডেমি থেকে ছাড়পত্র প্রদান করা হবে।

১৮। ছাত্র-ছাত্রীদের বড়দের সম্মান ও ছোটদের আদর করতে হবে। কোন ছাত্র/ছাত্রী একাডেমিতে খারাপ শব্দ বা ভাষা ব্যবহার করতে পারবে না। কেউ কারো সাথে কোনরূপ ধাক্কা-ধাক্কি, ঝগড়া-বিবাদ, মারামারি ইত্যাদি করতে পারবে না। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে সাময়িক বহিষ্কার এবং পরবর্তী অপরাধের জন্য  তাকে ছাড়পত্র প্রদান করা হবে।

১৯। কোন ছাত্র/ছাত্রী মোবাইল, খেলনা, ছুরি, চাকু, স্টিকার বা কোন প্রকার গহনা নিয়ে একাডেমিতে আসতে পারবে না। কান বা নাক ফোঁড়ানোর ক্ষেত্রে কোন গহনা সাময়িকভাবে পরার প্রয়োজন হলে সে ক্ষেত্রে পূর্বেই লিখিতভাবে আবেদন করে অনুমতি নিতে হবে। এ নিয়মের ব্যতিক্রম হলে অনুরূপ কোন দ্রব্য হারিয়ে গেলে হারানো দ্রব্য খুঁজে পেতে একাডেমি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে তবে হারানো বিষয়ে একাডেমি কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না।

২০। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে  বেতন, গাড়িভাড়া ও অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে। কোন মাসের বেতনাদি অপরিশোধিত থাকলে পরবর্তী মাসে ২০ (বিশ) টাকা জরিমানাসহ পরিশোধ করতে হবে। পর পর দুইমাসের বেতনাদি বকেয়া হলে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীর নাম কেটে দেওয়া হবে এবং নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে তাকে পূনঃভর্তি হতে হবে। পরিবহনের সাথে সংশ্লিষ্ট সাংবাৎসরিক খরচাদি বিবেচনায় রেখে মাসিক পরিবহন ভাড়া নির্ধারণ করা হয়। তাই রমজান, গ্রীষ্মের ছুটি ইত্যাদি ধরণের বড় কোন ছুটির জন্য কোন মাসের পরিবহন ভাড়া কমানো হবে না। বছরের মাঝে কোন শিক্ষার্থী পরিবহন বাদ দিলে পরবর্তীতে সে আর পরিবহনের সুযোগ দাবি করতে পারবে না।

২১। একাডেমিতে অনুপস্থিত থাকলে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের জন্য ২০ (বিশ) টাকা করে, প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১০ (দশ) টাকা করে এবং অন্যান্য শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৫ (পাঁচ) টাকা করে জরিমানাসহ আবেদন করতে হবে। আবেদনে উল্লেখিত কারণ গ্রহণযোগ্য হলে জরিমানার টাকা ফেরত দেওয়া হবে।

২২। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ডায়েরি। ডায়েরিতে ছাত্র/ছাত্রীদের যাবতীয় কার্যকলাপ লিপিবদ্ধ করা হয়, সে কারনে ডায়েরি ছাড়া কেউ একাডেমিতে আসলে ঐদিন তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।

২৩। অভিভাবকদের প্রতিদিন সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর ডায়েরিতে শিক্ষকের কোন মন্তব্য আছে কি না তা দেখতে হবে এবং নিজস্ব মন্তব্য লিখতে হবে।

২৪। একাডেমির নির্ধারিত পোশাক-পরিচ্ছদ ও আইডি কার্ড ব্যতিত একাডেমিতে প্রবেশ করা যাবে না। পোশাক-পরিচ্ছদ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

২৫। ছাত্র-ছাত্রীদের হাত-পায়ের নখ, চুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার এ বিষয় পরীক্ষা করে দেখা হবে।

২৬। সকাল ১০-০০ টার পূর্বে কোন অভিভাবক এ্যাক্টিং চেয়ারম্যান/অধ্যক্ষের সাথে অতি জরুরি প্রয়োজন ব্যতিত দেখা করতে বা কথা বলতে পারবেন না। সকল ক্ষেত্রেই স্লিপের মাধ্যমে সাক্ষাতের উদ্দেশ্য উল্লেখ করে সাক্ষাত করতে হবে।

২৭। কোন অভিভাবকই এ্যাক্টিং চেয়ারম্যান/অধ্যক্ষের অনুমতি ব্যতিত ক্লাস চলাকালীন ক্লাসরুম পরিদর্শন করতে পারবেন না।

২৮। একাডেমি হতে কোন ছাত্র-ছাত্রী নিতে হ’লে অবশ্যই অভিভাবক কার্ড দেখাতে হবে। অভিভাবক কার্ড দেখাতে না পারলে পিতা-মাতা ব্যতিত অন্য কারো কাছে ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে না।

২৯। কোন ছাত্র/ছাত্রী মারামারি করলে বা একে অপরকে আঘাত করলে প্রয়োজনে অভিভাবক প্রথমে অধ্যক্ষকে অবহিত করবেন। অধ্যক্ষের সমাধান যদি তিনি সন্তোষজনক মনে না করেন সেক্ষেত্রে লিখিত আকারে এ্যাক্টিং চেয়ারম্যানকে অবহিত করবেন। এই নিয়মের বাইরে যেকোন পদক্ষেপ একাডেমির নিয়মবিরূদ্ধ বলে গণ্য হবে।

৩০। একাডেমি কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনে যে কোন সময়ে যে কোন নিয়ম সংশোধিত বা পরিবর্তিত হলে তা সংশ্লিষ্ট সকলে পরিপালন করতে বাধ্য থাকবে।